মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

সাভারে ১৪ বছর বয়সী সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে আজহারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা স্থানীয় একটি রেডিও সেন্টারে রান্নার কাজ করেন। আগের সংসারে তার দুই মেয়ে রয়েছে। সাত বছর আগে আজহারুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে আজহারুল কৌশলে তার দুই সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। ওষুধ খাওয়ার পর দুই বোন আলাদা দুটি কক্ষে ঘুমিয়ে পড়ে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, রাত চারটার দিকে আজহারুল তার স্ত্রীর মুখ কসটেপ দিয়ে আটকে এবং হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর তিনি বড় মেয়ের কক্ষে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে ছোট মেয়ে মায়ের হাতের বাঁধন খুলে দিলে তিনি বড় মেয়েকে উদ্ধার করেন। পরে ভুক্তভোগী কিশোরী জানায়, এর আগেও ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন তার সৎ বাবা।
স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হলে বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আজহারুল বাসায় ফিরলে উত্তেজিত জনতা তাকে আটকে মারধর করে। খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজহারুলকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেফতার দেখানো হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

