এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার করা হবে, পরিবারকে আর্থিক সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান এবং মরহুমের কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিহতের শোকসন্তপ্ত পরিবারবর্গ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আশ্বাস দেন। এসময় মন্ত্রী এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য উপস্থিত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
মন্ত্রী আরও জানান, নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সার্বিক কল্যাণে পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ৬ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া নিহতের পারিবারিক ব্যবসা সচল রাখার সুবিধার্থে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ থেকে প্রয়োজনীয় ঋণসহ সার্বিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রী এ সময় মরহুমের স্ত্রী শিউলী পারভীনের হাতে অনুদানের টাকা তুলে দেন। একইসঙ্গে কর্মজীবনে মরহুম আলতাফ হোসেনের নৈতিকতা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক-বিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন এসআই আলতাফ হোসেন।
প্রাণ বাঁচাতে তিনি তার বড় ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও রাত ৮টা ১০ মিনিটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, রড, পাইপ, হাতুড়ি ও লাঠি নিয়ে সেখানে বর্বর হামলা চালায়। বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলে মো. আরিফুল ইসলামও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মরহুমের স্ত্রী বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মসলায় মেশানো হচ্ছিল ধানের তুষ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ: প্রধানমন্ত্রী

সাভারে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫

