আবারও সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

দুই দিন বিরতির পর আবারও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভে নামেন। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি স্থানে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সকাল থেকে হেমায়েতপুর, আশুলিয়ার খেজুরবাগান ও রাজফুলবাড়িয়া এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।
সকাল সাড়ে নয়টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়কে বর্জ্য ফেলে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করেন। তাঁদের সরিয়ে দিতে পুলিশ ও বিজিবির সদস্যরা এগিয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের সড়ক ও গলিতে অবস্থান নেন। সেখানে কিছুক্ষণ পরপর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এদিকে আশপাশের কয়েকটি কারখানায় শ্রমিকেরা প্রবেশ করলেও ভেতরে কাজ না করে কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।
এর আগে সকাল সাড়ে আটটার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকায়ও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়।
অন্যদিকে বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একেএইচসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সেখানে জড়ো হয়েছেন বলে জানান সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি কাজ করছে বলেও জানান তিনি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের দুই পাশে যানজট তৈরি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, নতুন করে ২৯ কারখানা বন্ধ ঘোষণা

শেরপুরে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক বরখাস্ত

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক গ্রেপ্তার

মোটা হয়েছো না চিকন তা দেখার জন্যই ভিডিও কল দিচ্ছি: ইবি শিক্ষক

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে ৫৫টি পোশাক কারখানা বন্ধ

