গাজীপুরে শ্রমিক অসন্তোষ, নতুন করে ২৯ কারখানা বন্ধ ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। চলমান অসন্তোষের জেরে নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার রাতে ১৩টি এবং রোববার সকালে আরও ১৬টি কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়। ফলে সকালে কাজে যোগ দিতে এসে অনেক শ্রমিককে কারখানার ফটক থেকেই ফিরে যেতে হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার রাতেই ১৩টি কারখানার শ্রমিকদের রোববার থেকে কারখানা বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল। পরে সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

সকালে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। কাজ শুরুর অপেক্ষায় থাকা অনেকেই পরে ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কারখানা খোলার বিষয়ে কোনো নিশ্চয়তা পাননি।
শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ চলছে। কোথাও সড়ক অবরোধ, কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানা পরিচালনা নিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটি জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে কিংবা শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, শিল্পের নিরাপত্তা এবং উৎপাদনের উপযোগী পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট এলাকার কারখানাগুলো চালু রাখা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুসারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক চাইলে ওই শাখা কিংবা পুরো প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে পারেন। এ ধরনের বন্ধের সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা মজুরি পাওয়ার অধিকারী হন না।
এর আগে গত মাসের শেষ দিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। একপর্যায়ে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এসব ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটে।
শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। একই দিন সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এ ছাড়া আরও সাতটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়।
অন্যদিকে শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়াও চলছে। গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গাজীপুরে খাবার হোটেলের সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, ইউটিউব দেখে গড়েন ইয়াবা তৈরির কারখানা

শ্রীপুরে ২ হাজার ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আইন নিজের হাতে নয়, শিশুদের নিরাপত্তাও জরুরি: থাপ্পড় কাণ্ডে অ্যাটর্নি জেনারেল

আসামি গ্রেপ্তার করে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

