৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। পাশাপাশি মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে। সব মিলিয়ে এ মৌসুমে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদন খরচ ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার আমন ধানের সংগ্রহমূল্য প্রতি কেজি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে সরকারি সংগ্রহকেন্দ্রে মানসম্মত ধান বিক্রি করে প্রতি ৪০ কেজিতে (এক মণ) কৃষক পাবেন ১ হাজার ৪০০ টাকা। সিদ্ধ চালের কেজিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা।

সংগ্রহ কার্যক্রমের সময়সূচি তুলে ধরে মন্ত্রী জানান, শনিবার ১৪ নভেম্বর থেকে ধান কেনা শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর, সেটিও চলবে একই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
কৃষকদের উদ্দেশে আফরোজা খান রিতা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষকেরাই সবচেয়ে বড় শক্তি। তাঁদের উৎপাদিত ধান যেন ন্যায্যমূল্যে বিক্রি হয়, সরকার সে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগীর কারণে কৃষক যাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত না হন, সে জন্য প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে। নির্ধারিত তিন লাখ মেট্রিক টনের বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে তা সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংগ্রহ কার্যক্রম উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
মিলারদের প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের ঠকানোর অভিযোগ যেন না ওঠে, সে বিষয়ে তাঁদের সতর্ক থাকতে হবে। কৃষকেরা যাতে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতে মিলারদের সহযোগিতা চান তিনি। সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর পাঁচজন কৃষকের হাতে ওয়েট কোয়ালিটি সনদপত্র তুলে দেন খাদ্যমন্ত্রী।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ কর্মসূচিতে মোট ১ হাজার ৯ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। অনুষ্ঠানে তাঁদের মধ্যে ১০ জন কৃষক প্রতীকীভাবে খাদ্যমন্ত্রীর হাত থেকে প্রণোদনা গ্রহণ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি আওয়ামী লীগ নেতা

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’: ইসলামি বক্তা সাইফুল্লাহ

আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

লিবিয়ায় বাংলাদেশি যুবক জিম্মি, বাবার কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

