লিবিয়ায় বাংলাদেশি যুবক জিম্মি, বাবার কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি

পরিবারের অভাব ঘোচাতে বিদেশে গিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের মো. সাইফুল (৩৯)। কিন্তু জীবিকার সন্ধানে লিবিয়ায় পাড়ি জমানোর পর মানবপাচারকারী চক্রের কবলে পড়ে এখন তিনি জিম্মি। ছেলেকে ফিরে পাওয়ার আশায় তাঁর বাবা আব্দুস সামাদ (৭০) কয়েক দফায় পাঁচ লাখ টাকা দিলেও কোনো খোঁজ পাননি। বরং উদ্ধারের আশ্বাস দিয়ে পরে তাঁর কাছে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়।
এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নাটোর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মনোয়ার হোসেন (৪০) ও সোহেল রানা (৪৫)।

শুক্রবার (১৩ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি জানান। তিনি বলেন, মামলার তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজনকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি সূত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাইফুল প্রায় দুই বছর আগে সোহেল নামের এক বাংলাদেশি দালালের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে যাওয়ার পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের উদ্বেগের মধ্যে ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, সাইফুলকে আটকে রাখা হয়েছে। তাঁকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
শুধু তা-ই নয়, দাবির অর্ধেক টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত পরিবারের কাউকে সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না বলে জানায় অপহরণকারীরা।
ছেলের জীবন বাঁচাতে আব্দুস সামাদ ও তাঁর পরিবারের সদস্যরা টাকা জোগাড়ের চেষ্টা করেন। ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে বিভিন্ন সময়ে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে পাঁচ লাখ টাকা পাঠানো হয়। কিন্তু টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের যোগাযোগের কোনো ব্যবস্থা করেনি চক্রটি।
এরপর সোহেল পরিচয় দেওয়া এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, সাইফুলের বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য রয়েছে। এমনকি নিজে লিবিয়ায় গিয়ে তাঁকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আশ্বাসও দেন। এ জন্য সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলা হয়। তবে সেখানে পৌঁছে যোগাযোগের চেষ্টা করলে ওই ব্যক্তির মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এর কিছুদিন পর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবার ছেলেকে উদ্ধারের কথা বলে তাঁর কাছে ৪২ লাখ টাকা দাবি করা হয়। একই সঙ্গে জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। ওই দুই ব্যক্তির কাছ থেকেই আব্দুস সামাদের মুঠোফোন নম্বর সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়।
এ পর্যায়ে ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে দেওয়ার শর্ত দেন আব্দুস সামাদ। সাইফুলের সঙ্গে কথা বলতে না পারলে আর কোনো টাকা দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এরপর থেকে তাঁর ও সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মামলা করেন আব্দুস সামাদ। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডির টিএইচবি।
তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা অনুসন্ধানের সূত্র ধরে মনোয়ার হোসেন ও সোহেল রানার সংশ্লিষ্টতা শনাক্ত করে সিআইডি। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সিআইডির পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানবপাচার চক্রের বাকি সদস্যদের পরিচয়, পাচারের পথ এবং লিবিয়ায় সাইফুলের বর্তমান অবস্থান জানার চেষ্টা চলছে।
জিম্মি সাইফুলকে উদ্ধার এবং এই চক্রের দেশি-বিদেশি সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

