আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

কখনো হিমুর উদাসীন পথচলা, কখনো মিসির আলির যুক্তিনির্ভর অনুসন্ধান, নিজের সৃষ্ট চরিত্রের মধ্য দিয়ে পাঠকের কল্পনার জগতে আলাদা এক জায়গা তৈরি করেছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্রে তাঁর স্বতন্ত্র নির্মাণশৈলী আজও পাঠক-দর্শককে টানে। জনপ্রিয় এই সাহিত্যিকের ৭৮তম জন্মদিন আজ শুক্রবার (১৩ নভেম্বর)।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। শৈশবের সেই জন্মভূমিতেই এবারও নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে বাংলা সাহিত্যের এই জনপ্রিয় লেখককে।
জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘হিমু উৎসব’। হলুদ পাঞ্জাবি পরে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে উৎসবে যোগ দেবেন ভক্তরা। আনন্দ শোভাযাত্রা, জন্মদিনের কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও সাহিত্যিক আড্ডায় দিনটি উদ্যাপনের প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা।
সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’ প্রায় এক যুগ ধরে এ উৎসবের আয়োজন করে আসছে। এবারের আয়োজনেও লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১০টায় হুমায়ূন আহমেদের বিভিন্ন শিক্ষামূলক উক্তি লেখা টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সকাল ১১টায় হিমু ও রূপা সেজে অংশগ্রহণকারীরা বের করবেন আনন্দ শোভাযাত্রা।
শহরের সাতপাই নদীর পাড়সংলগ্ন চক্ষু হাসপাতাল এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি লেখক, কবি, সাংবাদিক, শিল্পী, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেবেন। শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চে কেক কেটে উদ্যাপন করা হবে প্রিয় লেখকের জন্মদিন।
দিনের আয়োজন শেষ হবে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘গানে ও আড্ডায়’ শীর্ষক আয়োজন। সেখানে হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করবেন লেখক, সাংবাদিক, সাহিত্যিক এবং তাঁর ভক্তরা। পাশাপাশি তাঁর নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় গান পরিবেশন করা হবে।
হুমায়ূন আহমেদের জন্ম মোহনগঞ্জে হলেও তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। নিজের শেকড়ের প্রতি গভীর টান থেকেই সেখানে বাবার নামে প্রতিষ্ঠা করেন ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। তাঁর জন্মকে ঘিরেও পরিবারে ছিল বিশেষ আনন্দের আয়োজন। মায়ের প্রথম সন্তান হিসেবে তাঁর আগমনে নানা মামার বাড়িতে এক মণ মিষ্টি বিতরণ করেছিলেন। যে ঘরে তাঁর জন্ম হয়েছিল, সেখানে স্থাপন করা হয়েছিল নামফলকও।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব ছিল স্বতন্ত্র বৈশিষ্ট্যের। সহজ ভাষায় মানুষের চেনা জীবনের গল্প বলার অসাধারণ ক্ষমতা তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্রর মতো চরিত্র পাঠকের কাছে আজও জীবন্ত।
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। তবে তাঁর সাহিত্যকর্ম ও সৃষ্ট চরিত্রের মধ্য দিয়ে পাঠকের কাছে তিনি এখনো সমানভাবে উপস্থিত। লেখকের জন্মদিনে ‘হিমু উৎসব’ এবং মৃত্যুবার্ষিকীতে ‘স্মরণ কথন’ আয়োজন করে আসছে হিমু পাঠক আড্ডা। এসব আয়োজন ঘিরে প্রতিবছর নেত্রকোনায় তৈরি হয় লেখক, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও ভক্তদের মিলনমেলা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লিবিয়ায় বাংলাদেশি যুবক জিম্মি, বাবার কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

