রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি চাহিদা সামাল দিতে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার সারা দেশে ৫২০টি ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্য নিয়েছে সংস্থাটি। গত রমজানে এ কার্যক্রমে ট্রাকের সংখ্যা ছিল ৪৫০টি। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ৪০ লাখ মানুষ সাশ্রয়ী দামে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন।
টিসিবি সূত্রে জানা গেছে, গতবারের তুলনায় এবার সুবিধাভোগীর সংখ্যা প্রায় ছয় লাখ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শুধু স্মার্ট কার্ডধারী পরিবার নয়, কার্ডের বাইরে থাকা সাধারণ ক্রেতাদের কাছেও কম দামে পণ্য পৌঁছে দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) পরিসর বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুরের পর্যাপ্ত মজুত গড়ে তোলার প্রস্তুতিও চলছে। এ জন্য দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকে পণ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজান সামনে রেখে পণ্য সংগ্রহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংস্থাটির নিয়মিত কার্যক্রমে পণ্যের ঘাটতির আশঙ্কা নেই। তবে কার্ডধারীদের বাইরেও সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী দামে পণ্য পৌঁছে দিতে বাড়তি বিক্রির পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত পণ্য সংগ্রহের বিষয়ে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে বাড়তি আমদানির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে মোট ২২ কোটি লিটার ভোজ্যতেল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি। এ ছাড়া ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে দেশে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। একই সময়ে সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ লাখ ১ হাজার টন।
চিনির আমদানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। আলোচ্য সময়ে আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন চিনি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি।
ছোলার আমদানি বেড়েছে আরও বেশি হারে। চলতি অর্থবছরের প্রথম চার মাসেরও কম সময়ে দেশে ৮২ হাজার টন ছোলা এসেছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন।
এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ হাজার টন বেশি। খেজুরের আমদানিও ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে পৌঁছেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রমজানের আগে নিত্যপণ্যের আমদানি বৃদ্ধি, সরকারি পর্যায়ে বাড়তি পণ্য সংগ্রহ এবং টিসিবির ট্রাকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে। তবে শুধু মজুত বা আমদানি বাড়ালেই হবে না, নির্ধারিত সময়ে পণ্য বাজারে সরবরাহ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখাও জরুরি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

