পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

প্রথমবারের মতো পদ্মা সেতু ব্যবহার করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হলো পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের চালান। শুক্রবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রহরায় তিনটি লরিতে করে জ্বালানির পঞ্চম চালানটি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাশিয়া থেকে আনা দ্বিতীয় ইউনিটের (ইউনিট-২) জন্য নির্ধারিত এই জ্বালানি বহনকারী লরিগুলো শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে গাড়িবহরটি।
পরিবহনকাজে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করে এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। লরিগুলো প্রকল্প এলাকায় পৌঁছালে সেখানে কর্মরত রাশিয়া ও বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িবহরকে স্বাগত জানান।

নিরাপত্তার অংশ হিসেবে শুক্রবার সকাল সোয়া ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক এবং পাকশী লালন শাহ সেতু দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। জ্বালানিবাহী লরিগুলো গন্তব্যে পৌঁছানোর পর সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, গাজীপুর ও ঢাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন এবং সম্ভাব্য সংঘাতের পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে এবার বিকল্প পথে পদ্মা সেতু ব্যবহার করে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়েছে। যানজট এড়িয়ে লরিগুলো যাতে নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছাতে পারে, সে জন্য পাবনা জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করেছিলেন।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য কয়েক দফায় বিশেষ কার্গো বিমানে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে সেগুলো রূপপুরে নেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে তাদের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

