মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি আওয়ামী লীগ নেতা

মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার আসামি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও শিবচরের আওয়ামী লীগ নেতা জহিরুল হক সামচু ঢালী। গত ২৯ মার্চ তাঁর মৃত্যু হয়। অথচ গত ৯ নভেম্বর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার এজাহারে তাঁর নাম রয়েছে ২১৯ নম্বরে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত ইসমাইল ঢালীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ মারা যান সামচু ঢালী। তাঁর মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর ৯ নভেম্বরের ঘটনায় করা মামলায় তাঁকে আসামি করা হয়েছে।

গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা হাতে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে যানবাহন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
ঘটনার তিন দিন পর, ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। নামের তালিকায় ২১৯ নম্বরে রয়েছে সামচু ঢালীর নাম।
মৃত্যুর কয়েক মাস পর একজন ব্যক্তির বিরুদ্ধে এমন মামলায় আসামি হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও ব্যঙ্গ-বিদ্রূপ করছেন অনেকে। কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, দলের প্রতি তাঁর আনুগত্য এতটাই ছিল যে আন্দোলনে অংশ নিতে কবর থেকেও উঠে এসেছেন। তবে এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া; ঘটনার সত্যতা বা মামলার তদন্তের বিকল্প নয়।
সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, তাঁর বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। মৃত্যুর পরও তাঁকে মামলার আসামি করায় তাঁরা বিস্মিত। তিনি বলেন, ‘এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’
বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে তাঁর বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল।
মামলার বাদী এসআই আকরাম হোসেন বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে।’
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাঁকে মামলা থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁ কারাগারে বন্দী বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’: ইসলামি বক্তা সাইফুল্লাহ

আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

লিবিয়ায় বাংলাদেশি যুবক জিম্মি, বাবার কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

