ভৈরবে নানা আয়োজনে হরিজন-রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরে সূর্যদেবের আরাধনায় সমবেত হন হরিজন ও রবিদাস সম্প্রদায়ের নারী-পুরুষ। সন্তানের দীর্ঘায়ু, পরিবারের সুখ-শান্তি ও মঙ্গল কামনায় তাদের উপবাস ও প্রার্থনায় সোমবার ভোরে মুখর হয়ে ওঠে নদীর ঘাট। চার দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতার শেষ পর্ব ঊষা অর্ঘ্যের মধ্য দিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী ছট পূজা।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে ভৈরবের ত্রিসেতু এলাকায় মেঘনা নদীর পাড়ে এ পূজার মূল আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় ব্রতী নারী-পুরুষের পাশাপাশি পরিবারের সদস্য ও পুণ্যার্থীরা ঘাটে উপস্থিত হয়ে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন।
ছট পূজা সূর্যদেব ও তার বোন হিসেবে পরিচিত ছঠী মাইয়ার উপাসনাকেন্দ্রিক একটি প্রাচীন ধর্মীয় উৎসব। হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের মধ্যে এ পূজার প্রচলন দীর্ঘদিনের। বিশেষ করে সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় নারীরা কঠোর উপবাস পালন করেন। পরিবারের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনাও এ পূজার অন্যতম উদ্দেশ্য।
উত্তর ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ ও বেনারসসহ বিভিন্ন অঞ্চলে ছট পূজা ব্যাপকভাবে পালিত হয়। নেপালের তরাই অঞ্চলেও রয়েছে এ উৎসবের প্রচলন। ভৈরবের হরিজন ও রবিদাস সম্প্রদায়ের অনেকের পূর্বপুরুষের আদি নিবাস ভারতের বিহার ও ঝাড়খণ্ডে। তাঁদের হাত ধরেই ভৈরবে এ ধর্মীয় ঐতিহ্যের সূচনা। প্রায় পাঁচ দশক ধরে স্থানীয়ভাবে পূজাটি উদযাপন করে আসছেন তাঁরা।
ছট পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় চারটি পর্যায়ে, ‘নহায়-খায়’, ‘খরনা’, ‘সন্ধ্যা অর্ঘ্য’ ও ‘ঊষা অর্ঘ্য’। এ উপলক্ষে বাঁশের তৈরি ডালা ও কুলোয় সাজানো হয় ফলমূল, আখ, নারকেল, কলাসহ নানা উপকরণ। থাকে ঐতিহ্যবাহী মিষ্টান্ন ঠেকুয়াও। এসব উপকরণ দিয়ে অস্তগামী ও উদীয়মান সূর্যের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন ব্রতীরা।
ভৈরব পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক এবং হরিজন ও রবিদাস সম্প্রদায়ের নেতা আজাদ লাল বলেন, বহু বছর আগে তাদের পূর্বপুরুষেরা পরিবার নিয়ে ভারত থেকে ভৈরবে আসেন। তখন মাত্র তিন-চারটি পরিবার থাকায় ছোট পরিসরে ছট পূজার আয়োজন করা হতো। সময়ের সঙ্গে সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেড়েছে, বেড়েছে পূজার আয়োজনও।
আজাদ লাল আরও বলেন, প্রায় ৫০ বছর ধরে ভৈরবে এ পূজা উদ্যাপিত হচ্ছে। এবারও চার দিনের আনুষ্ঠানিকতা শেষে ১৬ নভেম্বর ভোরে ঊষা অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে



