পীরগঞ্জে বাল্যবিবাহ বন্ধের দাবিতে বসুন্ধরা শুভসংঘের র্যালি ও মানববন্ধন

একটি শিশুর হাতে থাকার কথা বই-খাতা, চোখে থাকার কথা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। অথচ বাল্যবিবাহ সেই স্বপ্নের পথেই তৈরি করে বাধা। শিশুদের নিরাপদ শৈশব ও শিক্ষার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে রংপুরের পীরগঞ্জে র্যালি ও মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ‘শিশুর কোলে শিশু নয়, বাল্যবিবাহ বন্ধ চাই’ স্লোগানে পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরা এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মিফতাহুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন খন্দকার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভিন ও পুলিশের পরিদর্শক (তদন্ত) নুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, পড়াশোনা এবং ভবিষ্যৎ জীবন বাধাগ্রস্ত হয়। এ সমস্যা মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার উপযুক্ত পরিবেশ ও সুযোগ নিশ্চিত করতে হবে। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাল্যবিবাহ প্রতিরোধে তরুণ প্রজন্মকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক জাকির হোসেন, শহিদুল ইসলাম মন্ডল সেবু, হারুন অর রশিদ ও ইয়াতিমুল হাসান লিটন।
এ সময় সংগঠনের সহসভাপতি শামীমা খাতুন ও মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আখতার, সাংগঠনিক সম্পাদক সোবাহান সাদিক, সহসাংগঠনিক সম্পাদক সুরভি আক্তার, অর্থ সম্পাদক আরফানুল হক, দপ্তর সম্পাদক মশিউর রহমান, নারী বিষয়ক সম্পাদক মর্জিনা বেগম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জেরিন আখতারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন তুষার ইমরান, হেলাল মিয়া, মিনু মিয়া, রায়হান মিয়া ও ফরিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মিফতাহুল ইসলাম বসুন্ধরা পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই বসুন্ধরা শুভসংঘ এগিয়ে যাচ্ছে। পীরগঞ্জ উপজেলা শাখাও বাল্যবিবাহ প্রতিরোধের মতো সামাজিক সচেতনতামূলক উদ্যোগের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বসুন্ধরা শুভসংঘের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে



