শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুতায়িত, দুজনেরই মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা রানী ভৌমিক (৬০)।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবারের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন অমরেন্দ্র নাথ ভৌমিক। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। স্বামীকে ছটফট করতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনা রানী। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর জখম হন।

পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে আনার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


