‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান বলেন, “মেট্রোলজি হলো ওজন ও পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান। নির্ভুল নীতিনির্ধারণের জন্য সঠিক পরিসংখ্যান ও পরিমাপ অপরিহার্য। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক পরিমাপ নিশ্চিত করা এখন সময়ের দাবি।” তিনি বিএসটিআই-এর সকল সেবা দ্রুত অটোমেশনের আওতায় আনার আহ্বান জানান।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান জনাব মোঃ জহুরুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: মেজবাউল করিম। তিনি পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক মেট্রিক পদ্ধতি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন।
বগুড়ার সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম তার বক্তব্যে বলেন, “মেডিক্যাল ইক্যুইপমেন্টের সঠিক ক্যালিব্রেশন না থাকার কারণে অনেক সময় সঠিক রোগ নির্ণয় ব্যাহত হয়। এ বিষয়ে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রায়হান উদ্দিন মোরাদ বলেন, ইন্ডাস্ট্রিয়াল ও ফার্মাসিউটিক্যাল সেক্টরে পরিমাপের গুরুত্ব অপরিসীম। জনসচেতনতা বৃদ্ধি ছাড়া শুধু আইন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে বিএসটিআই কর্মকর্তা মোঃ জহুরুল হক জানান, বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্স ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজারে সঠিক মান ও ওজনের পণ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি জনগণকে বিএসটিআই লোগোযুক্ত মানসম্মত পণ্য ব্যবহারের পরামর্শ দেন।
সভায় বিএসটিআই-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ দুপুরে বিএসটিআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


