শাহজাদপুরে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুমোদনহীন পণ্য বিক্রি ও মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পাবনা আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মনিরামপুর এলাকার ‘ওম মোদক লাইভ বেকারী’ পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও বিক্রয়মূল্য ছাড়া বিস্কুট, পাউরুটি ও কেক বিক্রি করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে দ্বারিয়াপুরের ‘প্রীতম সুইটস’ বৈধ সিএম সনদ ছাড়া মিষ্টি ও ঘি বিক্রি এবং অভিযানকালে কর্মকর্তাদের মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই পাবনা কার্যালয়ের পরীক্ষক (মেট্রোলজি) তাহসিন মাহমুদ ও ফিল্ড অফিসার (সিএম) মো. রায়হানুল হক।
বিএসটিআই পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. জাহেদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ভোক্তাদের স্বার্থে ও ভেজাল প্রতিরোধে এ ধরনের যৌথ তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

