প্রবাসী যাত্রীকে রেখে চলে গেল হানিফ বাস, ৯৯৯-এর সহায়তায় মালামাল উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশরুমে যাওয়ার পর এক সৌদিপ্রবাসীকে ফেলে রেখে চলে গেছে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ তৎপর হয়ে বাসটি থামিয়ে ওই প্রবাসীর লাগেজ ও পাসপোর্টসহ সব মালামাল উদ্ধার করেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বীরগঞ্জ থানার দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই প্রবাসীর নাম মোজাম্মেল। তিনি সৌদি আরব থেকে দেশে ফেরার পর ঢাকার আব্দুল্লাহপুর থেকে ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনের একটি বাসে ওঠেন। পথে দিনাজপুরের দশমাইল এলাকায় যাত্রী ওঠানামার জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে দেখেন, তার দুটি পাসপোর্ট, বিমানের টিকিট এবং বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ নিয়ে বাসটি চলে গেছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, নিরুপায় হয়ে মোজাম্মেল ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান। কলটি রিসিভ করেন কনস্টেবল মো. রুহুল আমিন। তাৎক্ষণিকভাবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য দিনাজপুরের বীরগঞ্জ থানাকে জানানো হয়। পুরো উদ্ধার প্রক্রিয়া তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর ডিসপাচার এসআই আব্দুল মান্নান।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামায়। পরে তল্লাশি চালিয়ে বাস থেকে মোজাম্মেলের দুটি পাসপোর্ট ও লাগেজসহ সব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মোজাম্মেল থানায় উপস্থিত হলে পুলিশ উদ্ধারকৃত মালামাল তার কাছে বুঝিয়ে দেয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

