আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখার অভিযোগ বিএনপির বিরুদ্ধে তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ এখন বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে।
একই সঙ্গে তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সমালোচনা করেন তিনি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধী দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় রাখা হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তিনি বলেন, বিরোধী দল কোথায় যাচ্ছে, কী করছে কিংবা কী বলছে, তা জানতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। অথচ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ বর্তমানে বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে।
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গার্মেন্টসশিল্পের অস্থিরতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। সময়মতো পরিকল্পনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে না পারায় শিল্প খাতে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আন্দোলনে ‘ফ্যাসিস্টদের’ অনুপ্রবেশের মাধ্যমে নৈরাজ্য তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা রয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।
বিএনপির সরকার পরিচালনার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, একটি আন্দোলন কীভাবে মোকাবিলা করতে হয়, তা বিএনপি না পারলে দায়িত্ব এনসিপিকে দিতে পারে। অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁরা প্রায় ৫০০টি আন্দোলনে সমঝোতা করেছেন বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলামের মতে, সরকারের প্রতি জনগণের আস্থা থাকলে আন্দোলন থামানো সম্ভব। কিন্তু বর্তমান সরকারের ওপর মানুষের আস্থা নেই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারও সরকার পূরণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
শ্রমিক আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিরোধী দলে থাকার সময় বিএনপি শ্রমিক আন্দোলনে উৎসাহ দিয়েছিল। কিন্তু এখন শ্রমিকদের বেতন কাঠামোর কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করছে। এতে শ্রমিকদের মধ্যেও বিএনপির প্রতি আস্থা কমেছে।
তবে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব বিবেচনায় শ্রমিকদের ন্যায্য দাবির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের দাবির প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে সহিংসতা বা সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হোক, তা তাঁরা চান না। শ্রমিকদের কল্যাণে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকারসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভী

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: ডা. তাসনিম জারা

