বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: ডা. তাসনিম জারা

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তাঁর প্রশ্ন, বিরোধী দলে থাকা অবস্থায়ই যদি একজন মানুষকে নিজের বসতভিটায় দাফন করতে বাধা দেওয়া হয়, তাহলে রাষ্ট্রক্ষমতায় গেলে দলটি কী করবে?
সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তাসনিম জারা। সেখানে তিনি পিরোজপুরের ৮৭ বছর বয়সী মানিক পশারীর মৃত্যুর পর তাঁর দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির বর্ণনা দেন। মানিক পশারী সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করেন তিনি।
তাসনিম জারার অভিযোগ, গত শনিবার সকালে মানিক পশারীর মৃত্যুর পর স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাঁর দাফন নিয়ে আপত্তি তোলেন। তাঁকে পিরোজপুরে দাফন করতে দেওয়া হবে না—এমন ঘোষণা মাইক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয় বলেও দাবি করেন তিনি। এতে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং দাফন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, কারও মৃত্যু হলে সাধারণত প্রতিবেশীরাই এগিয়ে এসে দাফনের প্রস্তুতিতে সহযোগিতা করেন। কিন্তু মানিক পশারীর ক্ষেত্রে পরিস্থিতি ছিল ভিন্ন।
তিনি লিখেন, বাড়িতে প্রথমে একটি কবর খোঁড়া হলেও পরে কয়েকজন সেটি মাটি দিয়ে ভরাট করে দেন। এরপর নিহতের মেয়ে সীমু আক্তার ও তাঁর ফুফুরা মিলে আবার কবর খোঁড়েন। পরিস্থিতির কারণে অন্য কেউ এগিয়ে আসতে সাহস পাননি বলে পোস্টে উল্লেখ করেন তাসনিম জারা।
তিনি আও লেখেন, শেষ পর্যন্ত মধ্যরাতের পর পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের খোঁড়া কবরে মানিক পশারীকে দাফন করা হয়। প্রশাসনের কর্মকর্তারা ছাড়া পরিবারের বাইরের কেউ সেখানে উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন তিনি।
তাসনিম জারা তার পোস্টে দাবি করেন, পিরোজপুর জেলা জামায়াতের এক সহকারী সেক্রেটারি মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে তাঁকে গার্ড অব অনার দেওয়া ও পিরোজপুরে দাফনের বিরোধিতা করেছিলেন। পরে ওই নেতার পক্ষ থেকে জামায়াতের নেতারা ‘লাশের রাজনীতি’ করেন না—এমন বক্তব্য দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে আপত্তি থাকলে তা যাচাই করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালত রয়েছে বলে মন্তব্য করেন তাসনিম জারা। তাঁর বক্তব্য, কারও পরিচয় নিয়ে প্রশ্ন তোলা গেলেও সেই বিরোধের নিষ্পত্তি দাফনে বাধা দিয়ে বা মাইকে ঘোষণা প্রচার করে করা যায় না।
মৃত ব্যক্তির মর্যাদা ও শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, মানিক পশারীর জানাজা নিজ গ্রামে অনুষ্ঠিত হয়নি। এতে পরিবারটি স্বাভাবিকভাবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা পালনের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে।
জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তাসনিম জারা বলেন, দলটি নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচার, মানবাধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়ার কথা বললেও অন্যদের ক্ষেত্রে সেই নীতি অনুসরণ করছে না।
তিনি আরও বলেন, স্বাধীনতাযুদ্ধে জামায়াতের ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিতর্কের পাশাপাশি বর্তমান সময়ে দলটির নেতাকর্মীদের আচরণও প্রশ্নের মুখে পড়ছে। তাঁর মতে, কে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন কিংবা কার দাফন কোথায় হবে, তা কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় নির্ধারিত হওয়া উচিত নয়।
পোস্টের শেষাংশে জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে প্রশ্ন তুলে তাসনিম জারা বলেন, বিরোধী দলে থেকেও যদি দলটির নেতাকর্মীরা একজন মৃত ব্যক্তির পারিবারিক কবরস্থানে দাফন নিয়ে বাধা সৃষ্টি করেন, তাহলে রাষ্ট্রের সব ক্ষমতা হাতে পেলে তাঁদের আচরণ কেমন হবে, তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।
তবে মানিক পশারীর দাফন নিয়ে তাসনিম জারার তোলা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জামায়াত নেতাদের বক্তব্য এ পোস্টে উল্লেখ করা হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

