ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরকে ঘিরে দেশে অস্থিরতা তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডিসেম্বর নিয়ে একটি ‘হাইপ’ তৈরির চেষ্টা চলছে। পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের উৎসাহিত করতেই এমন প্রচারণা চালানো হচ্ছে। শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা আজই দেশে ফিরলে তাঁদের আইনের আওতায় আনা হবে।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিক সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক, খুনি, গণহত্যাকারী ও ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ তাঁর সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে আবেদন জানানো হয়েছে। সাজাপ্রাপ্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা দেশে ফিরলে তাঁদের আইনের মুখোমুখি হতে হবে। আদালতের রায় অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিসেম্বরকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনো ভয় বা উদ্বেগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে সরকারের বিভিন্ন কর্মসূচি থাকবে। তবে নভেম্বর, ডিসেম্বর কিংবা নির্দিষ্ট কোনো তারিখকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। আমরা চাই, দণ্ডপ্রাপ্ত ও ফ্যাসিবাদী আসামি এবং মাফিয়া শক্তি যেখানেই থাকুক, যেখানেই আশ্রয় নিক, তারা যেন দ্রুত দেশে ফিরে আসে। তাদের আইনের আওতায় আনা হবে এবং তারাও যেন সুবিচার পান, সেটি নিশ্চিত করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিসেম্বর হোক, ফেব্রুয়ারি হোক কিংবা নভেম্বর, কোনো সময়েই অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
এদিকে শ্রমিক আন্দোলনের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা সরকার বরদাশত করবে না। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদে সমর্থন দেওয়া কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সড়ক-মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।
এ ধরনের কর্মকাণ্ডে কিছু শিল্পমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সম্পৃক্ততার তথ্য সরকারের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভী

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: ডা. তাসনিম জারা

শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

