সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটানো, সেলফি তোলা আর ক্রীড়াসামগ্রী উপহার, উত্তরবঙ্গ সফরের শুরুতে সৈয়দপুর বিজ্ঞান কলেজে এমন দৃশ্যের দেখা মিলেছে। কলেজের শিক্ষকদের অনুরোধে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিশেষ সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা স্বাগত জানান। এরপর সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ হয়।
সফরসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কলেজের শিক্ষকদের অনুরোধে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রীও উপহার দেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়।
সৈয়দপুর বিমানবন্দর থেকে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের কামারপুকুর, চিকলীসহ বিভিন্ন স্থানে মানুষের ভিড় দেখা যায়।
মহাসড়কের দুই পাশে জাতীয় পতাকা হাতে এবং স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা। তাঁকে একনজর দেখতে অনেকেই সড়কের পাশে অপেক্ষা করেন।
পথে গাড়ির গতি কমিয়ে হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী। এভাবেই সৈয়দপুর থেকে রংপুরের পথে তাঁর সফরকে ঘিরে বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি চোখে পড়ে।
প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কর্মসূচিতে রয়েছে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন এবং স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

