রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন ধর্মসভা মন্দির

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন তিনি। এরপর বেলা তিনটায় মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নগরের বিভিন্ন সড়ক, জনসভাস্থল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভাকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর জনসভায় রাজশাহীর উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
দাবিগুলোর মধ্যে রয়েছে রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী থেকে কলকাতা, ঢাকা ও চট্টগ্রাম রুটে সরাসরি তিনটি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করা।
মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রাজশাহীতে আসেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের শুভেচ্ছা জানাবেন এবং জনসভায় রাজশাহীবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। এ কারণে জনসভাটি ঐতিহাসিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সফরসূচি অনুযায়ী, সকালে সামরিক বাহিনীর বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের ধর্মসভা, অর্থাৎ রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে রাজশাহীতে এসে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
এরপর মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহী নগরে সড়ক সংস্কার ও সড়ক বিভাজকে রং করার কাজ করেছে রাজশাহী সিটি করপোরেশন। জনসভার জন্য মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে বড় মঞ্চ।
এদিকে প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ, বিমান অবতরণের স্থান, ধর্মসভা মন্দির, সার্কিট হাউস ও জনসভাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।
জনসমাগমের কারণে যান চলাচলে বিঘ্ন এড়াতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার কথা জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।
প্রধানমন্ত্রীর এই সফরে ধর্মীয় সম্প্রীতির বার্তার পাশাপাশি রাজশাহীর যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের দাবিগুলোও জনসভায় গুরুত্ব পাবে বলে প্রত্যাশা স্থানীয় নেতাদের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক ওসি আটক

বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহারের অভিযোগে বেকারিকে জরিমানা

নেশার টাকার জন্য মা ও ভাইকে বঁটি দিয়ে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করল বিএসটিআই

৮০ টাকার নিচে মিলছে না সবজি, কাঁচামরিচ ৩০০ ছুঁইছুঁই

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

