মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনায় তিনি মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বদের ভূমিকা নিয়েও কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান—দুজনকেই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তিনি দাবি করেন, স্বাধীনতার ঘোষণার সময় জিয়াউর রহমান সেটি বঙ্গবন্ধুর পক্ষেই দিয়েছিলেন।
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ না থাকলে হয়তো বিএনপি থাকত না, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তাই এই দুই দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার নৈতিক অধিকার রয়েছে।”
টকশোতে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ব্যক্তি জিয়াউর রহমানকে ছোট করে দেখানোর চেষ্টা করেন। তবে তার ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
কাদের সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে নিজের উদ্যোগে নয়, তৎকালীন পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতায় বঙ্গবন্ধুর পক্ষ থেকেই সেই ঘোষণা আসে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না, ঠিক একইভাবে আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক ও শামসুল হকের মতো নেতাদের ভূমিকাও অমলিন থাকবে।


