শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল আর নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি জানান, শবে বরাতের রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়। পরে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুর খবরে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় শোকের আবহ নেমে আসে। নিজ নির্বাচনী এলাকায় তিনি ছিলেন পরিচিত ও সক্রিয় রাজনৈতিক নেতা।
নুরুজ্জামান বাদলের মৃত্যুতে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ জামায়াত, বিএনপি, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন।


