বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে।
সোমবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত কেবল ভূখণ্ড বিভাজনের রেখা নয়; বরং এটি মানুষের জীবন, পারিবারিক সম্পর্ক, ইতিহাস ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িত। অথচ এই সীমান্তেই দীর্ঘদিন ধরে নিরস্ত্র মানুষ হত্যার মতো ঘটনা ঘটছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক।
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা কখনোই বিভাজন বা ভয়ের ওপর দাঁড়াতে পারে না। বরং পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল কূটনীতির মাধ্যমেই এর সমাধান হওয়া উচিত।
তার ভাষায়, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শত বছরের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বন্ধনে গড়া। তাই এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়, যা দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস বা দূরত্ব তৈরি করে।
নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, সীমান্ত হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং নতুন অবকাঠামো নির্মাণ ইস্যুতে বাংলাদেশ সরকারের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি মন্তব্য করেন, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সংঘাত নয়, বরং সহযোগিতা ও পারস্পরিক আস্থার ওপর নির্ভরশীল হওয়া উচিত। মানবাধিকার ও সম্মানের ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলা সম্ভব।


