বগুড়ায় লামিয়া বেকারি সিলগালা

বগুড়া শহরের দক্ষিণ শৈলালপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে লামিয়া বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বেকারিটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটিতে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, বেকারিটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। সেখানে পচা ও ভাঙা ডিম, পোড়া তেল এবং খাদ্যে অননুমোদিত নন-ফুড গ্রেড রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অপরিষ্কার টেবিলে ময়দার ডো তৈরি, ময়লাযুক্ত মেঝেতে খাদ্যপণ্য সংরক্ষণ এবং পণ্যের মোড়কে মিথ্যা তথ্য ব্যবহারের বিষয়ও শনাক্ত করা হয়।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী বেকারিটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন বগুড়ার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান ও নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল। এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


