আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় চার কোটি পরিবারের মধ্যে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এ কার্ড পরিবারের নারী প্রধানদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, গৌরনদীতে এরই মধ্যে ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকার পরিবারগুলোকেও এই সুবিধার আওতায় আনা হবে।
তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর যে বাজেট পাওয়া গেছে, সেটি আগের সরকারের প্রণীত বাজেট ছিল। সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। তবে নতুন বাজেটে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
তিনি জানান, আগামী এক বছরের বাজেটের আওতায় সারাদেশে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এ হিসাবে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় ৭ হাজার পরিবার এ সুবিধা পাবে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে এ কার্ড পৌঁছে দেওয়া।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে।
নারীদের উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তারেক রহমান বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। পরে সকাল ১০টা ৫৪ মিনিটে বক্তব্য শেষ করে বরিশালের উদ্দেশে রওনা হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

