ভাঙা সেতুতে আটকে ফায়ার সার্ভিস, পুড়ল ১৮ দোকান, বসতঘর ও মন্দির

পিরোজপুরের নেছারাবাদে একটি সেতুর ভাঙা অংশ যেন আগুনের ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে। খবর পাওয়ার পরও সড়কের সেতু ভাঙা থাকায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের বড় গাড়ি। বিকল্প পথে ছোট গাড়ি নিয়ে পৌঁছাতে পৌঁছাতে পুড়ে ছাই হয়ে গেছে রুদ্রপুর বাজারের একের পর এক দোকান। আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি দুটি পরিবারের সদস্যরাও সর্বস্ব হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে তাঁদের অন্তত কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি খাবারের হোটেল ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, প্রথমে মইনুলের রেস্তোরাঁ ও তপনের ফার্মেসি থেকে আগুনের কুণ্ডলী বের হতে দেখেন স্থানীয় কয়েকজন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই তা খালের পাশের সারিবদ্ধ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
সুদর্শন বড়াল জানান, আগুনে ব্যবসায়ীদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী দোকানের মালামাল বের করারও সুযোগ পাননি।
ব্যবসায়ী পরিমল বলেন, মধ্যরাতে আগুন লাগার পর থেকে ভোর পর্যন্ত স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাজারের অন্য পাশে তাঁর দোকান থাকায় সেটি রক্ষা পেয়েছে। কিন্তু অনেক ব্যবসায়ী এক রাতেই তাঁদের সারা জীবনের পুঁজি হারিয়েছেন।
শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, আগুনে পুড়ে গেছে দুটি পরিবারের বসতঘরও। ঘরবাড়ি হারিয়ে পরিবার দুটির সদস্যরা এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর স্থানীয় লোকজন ভোর পাঁচটা পর্যন্ত তা নেভানোর চেষ্টা করেছেন। তাঁর অভিযোগ, খবর পাওয়ার দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি পরিবারের ঘরবাড়িসহ দোকানপাট পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এখন চরম অসহায় অবস্থায় রয়েছেন। এগারগ্রাম এলাকায় সড়কের একটি সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি বাজারে আসতে পারেনি।
ফায়ার সার্ভিসের দাবি, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম জানান, গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রামের সড়কে সেতু ভাঙা থাকায় বড় গাড়ি নিয়ে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে যেতে হয়। ঘটনাস্থলে পৌঁছাতে ভোর পাঁচটা বেজে যায়। এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে একটি খাবারের দোকান ও একটি ওষুধের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এ অগ্নিকাণ্ডে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এক রাতের আগুনে রুদ্রপুর বাজারের বহু ব্যবসায়ীর জীবিকার অবলম্বন শেষ হয়ে গেছে। ঘর হারিয়ে আশ্রয়হীন হয়েছেন দুটি পরিবারের সদস্যরা। আর দুর্ঘটনার পর সামনে এসেছে এলাকার যোগাযোগব্যবস্থার দুর্বলতাও। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সেতুটি সচল থাকলে ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে পারত এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পরিবেশ প্রতিরক্ষা সংস্থার উদ্যোগে বিশ্ব জলাভূমি দিবস পালিত

শেরপুরে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৪ জন গ্রেফতার

পিরোজপুরে একই এলাকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বাল্যবিবাহ থেকে বাঁচতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর গোয়ালঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, ৩ কিশোর গ্রেপ্তার

