নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকায় লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকার বাসিন্দা তালাত মাহমুদ ওরফে শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরাপাড়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল ওমর (১৯)। তালাত মাহমুদ স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং আবদুল্লাহ আল ওমর একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি তাঁরা দুজনই স্থানীয় আবুতোরাব বাজারের একটি রোগ নির্ণয় কেন্দ্রের ল্যাবে কাজ করতেন।
নিহতদের স্বজনেরা জানান, গতকাল রাতে তালাত মাহমুদ একটি মোটরসাইকেল কেনার জন্য বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে উপজেলার বারাইয়ারহাট বাজারে যান। সেখান থেকে নতুন মোটরসাইকেলটি কিনে বাড়ি ফেরার পথে সৈদালী এলাকায় একটি দ্রুতগতির লরির সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তালাত মাহমুদের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ওমর।

নিহত তালাত মাহমুদের বড় ভাই ইমাম হোসেন ফরহাদ বলেন, দুর্ঘটনার আশঙ্কায় তালাতকে মোটরসাইকেল কিনতে বারণ করা হয়েছিল। এ কারণে পরিবারের কাউকে না জানিয়েই সে বন্ধু ওমরকে নিয়ে মোটরসাইকেল কিনতে গিয়েছিল। নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটল। তাঁরা দুজন খুব ভালো বন্ধু ছিলেন এবং একসঙ্গেই চাকরি করতেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাংবাদিকদের আলটিমেটামের পর কার্ড ইস্যুতে নিয়মে বদল আনল ইসি

তফসিল ঘোষণা কবে, এখনও নির্ধারিত হয়নি: ইসি সচিব

তারেক রহমান এখনো ভোটার হননি, ইসি চাইলে ভোটার হতে পারবেন: ইসি সচিব

নারীদের ঘরে বন্দি রাখার অপচেষ্টা চলছে, শেরপুরে নিপুন রায়

