ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্স থেকে সাইদুল ইসলামের (২১) নামের এক কনস্টেবলের মরদেহ উদ্ধা করা হয়েছে। তার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফেনীর গ্রামের বাড়িতে। প্রেমের সম্পর্কের পর বিয়ে, দাম্পত্য জীবনে টানাপোড়েন এবং বিচ্ছেদের কয়েক দিনের মধ্যেই ঘটে যাওয়া এই ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন সাইদুলের মা।
নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মোহাম্মদ সাদেকের একমাত্র ছেলে। প্রায় ৯ মাস আগে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন তিনি। চাকরির সুবাদে ডেমরা পুলিশ লাইন্সে থাকতেন তিনি।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ডেমরা পুলিশ লাইন্সের নিজ কক্ষ থেকে সাইদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করেন সহকর্মীরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইদুলের মৃত্যুর খবর ফেনীর গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তার মা। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর উদ্দেশে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন সাইদুল। ওই পোস্টের বিষয়টি নিয়েও আলোচনা চলছে।
স্বজনদের ভাষ্য, প্রেমের সম্পর্কের পর কিছুদিন আগে ফেনীর সোনাগাজী উপজেলার এক তরুণীকে বিয়ে করেছিলেন সাইদুল। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয়ে মতবিরোধ তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রায় দেড় মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়।
সাইদুলের চাচা মো. সোহাগ বলেন, বিচ্ছেদের পর থেকে সাইদুল মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন। বিষয়টি নিয়ে তিনি কষ্টে ছিলেন।
সাইদুলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মাগরিবের নামাজের পরও ছেলের সঙ্গে কথা হয়েছিল। এত দ্রুত এমন খবর শুনতে হবে, তা ভাবিনি।”
স্থানীয় বাসিন্দা এম. এমরান পাটোয়ারী জানান, পুলিশ লাইন্স থেকে ফোন করে পরিবারের সদস্যদের সাইদুলের মৃত্যুর খবর জানানো হয়। পরে শুক্রবার বিকেলে নিহতের বাবা মো. সাদেক ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
ডেমরা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ডেমরায় এক পুলিশ সদস্যের মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

