দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

দুজনের কেউই চোখে দেখেন না। জীবিকার জন্য নির্ভর করতে হয় ভিক্ষাবৃত্তির ওপর। ওয়ারিশ সূত্রে জমি পেলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেই জমিতে মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে পারেননি। এমন পরিস্থিতিতে ধামরাইয়ের দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি বিপদভঞ্জন পাল ও মায়া রানী পালের পাশে দাঁড়িয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। তাঁদের ঘর নির্মাণের জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে দম্পতির হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নিরাপদ আশ্রয় মানুষের মৌলিক চাহিদার একটি। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা জানতে পেরে তাঁদের সহায়তায় এগিয়ে এসেছেন তিনি। দেওয়া অর্থ দিয়ে তাঁদের ঘর নির্মাণের স্বপ্ন পূরণে কিছুটা হলেও অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফরিদা খানম আরও বলেন, দম্পতির জমি-সংক্রান্ত জটিলতা নিরসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁরা যেন নিজেদের জমিতে নিরাপদে বসবাস করতে পারেন, সে ব্যবস্থা করাই লক্ষ্য। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব।
ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বসবাস করেন বিপদভঞ্জন পাল ও তাঁর স্ত্রী মায়া রানী পাল। ছোটবেলায় টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান বিপদভঞ্জন। অন্যদিকে মায়া রানী জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। দুজনের কেউই চোখে দেখতে না পাওয়ায় প্রতিদিনের জীবনযাপন তাঁদের জন্য এক কঠিন সংগ্রাম।
সংসারের একমাত্র ছেলে সদানন্দ পাল একটি রাইস মিলে শ্রমিকের কাজ করেন। তাঁর সীমিত আয়ে পরিবারের সব খরচ চালানো সম্ভব হয় না। তাই বয়স ও শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জীবিকার প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করতে হয় বিপদভঞ্জন ও মায়া রানীকে।
দম্পতিকে সহায়তার ঘটনা এবারই প্রথম নয়। প্রায় তিন মাস আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দুই বান্ডিল টিন ও ১৬ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় কাজ শেষ করতে পারেননি তাঁরা।
অন্যদিকে, ওয়ারিশ সূত্রে পাওয়া তিন শতাংশ জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে ঘর তোলার সুযোগ হয়নি। ফলে জমি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অনিশ্চিত অবস্থায় দিন কাটাতে হয়েছে এই দম্পতিকে।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের মাধ্যমে জমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দম্পতির নামে জমির নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে মিসকেস রুজু করা হয়েছে।
জেলা প্রশাসনের নতুন আর্থিক সহায়তায় এবার নিজেদের জমিতে ঘর নির্মাণের আশা দেখছেন বিপদভঞ্জন ও মায়া রানী। জমির জটিলতা কাটিয়ে সেখানে একটি নিরাপদ আবাস গড়ে উঠবে—এমন প্রত্যাশা তাঁদের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

