স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

স্বামীর মৃত্যুর পর কেটে গেছে প্রায় ১১ মাস। কিন্তু এখনো তার প্রাপ্য পেনশন ও ভাতা হাতে পাননি স্ত্রী নুরজাহান বেগম। দীর্ঘদিনের এই ভোগান্তির কথা এবার সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের (বীর প্রতীক) স্ত্রী।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বিষয়টি তুলে ধরেন তিনি। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা নুরজাহান বেগম তাঁর স্বামীর পেনশন ও ভাতা-সংক্রান্ত জটিলতার কথা প্রধানমন্ত্রীর কাছে জানান।

নুরজাহান বেগম জানান, তার স্বামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর মারা যান। এরপর থেকে স্বামীর প্রাপ্য পেনশন ও ভাতা উত্তোলন করতে পারছেন না তিনি। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় আর্থিক সংকটে পড়েছেন বলেও জানান তিনি।
অভিযোগ শোনার পর প্রধানমন্ত্রী তার কাছে এ বিষয়ে কোনো দরখাস্ত আছে কি না জানতে চান। এ সময় পাশে থাকা নুরজাহান বেগমের ছেলে জানান, তার বাবা বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তাদের পেনশন আটকে আছে বলেও অভিযোগ করেন তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি প্রভাবশালীর নয়, নিয়ম অনুযায়ী পেনশন পাওয়ার কথা। এরপর দরখাস্ত আনা হয়েছে কি না জানতে চান তিনি। নুরজাহান বেগমের ছেলে জানান, দরখাস্তটি অনুষ্ঠানের গেটে রাখা আছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা এক কর্মকর্তা দরখাস্তটি সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার কথা জানান।
উল্লেখ্য, প্রয়াত রত্তন আলী শরীফ ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও যুদ্ধকালীন বেইজ কমান্ডার। বরিশালের বাবুগঞ্জ উপজেলার এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

