দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কাঠামোয় নতুন সংযোজন হতে যাচ্ছে দুটি থানা ও দুটি পৌরসভা। স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে এসব প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে নতুন ‘মাতামুহুরী থানা’ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় থানাটির অবস্থান নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক সেবা মানুষের কাছাকাছি পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
থানা গঠনের পাশাপাশি দুটি নতুন পৌরসভা প্রতিষ্ঠার অনুমোদনও দিয়েছে নিকার। এর একটি বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’, অন্যটি সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পৌরসভার আওতায় নাগরিক সেবা ও স্থানীয় অবকাঠামোগত কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
এদিকে ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে থানাটির নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।
সভায় আরও দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের অবস্থান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর আগে মটবী ও চরচামিতা মৌজায় স্থাপনের প্রস্তাব ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাজিপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে প্রশাসনিক সদর দপ্তর।
অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরও স্থানান্তর করা হয়েছে। আগে খামারগ্রাম মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও এখন তা বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারের এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের থানা ও পৌরসভাভিত্তিক বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ বাড়বে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বগুড়া পেতে যাচ্ছে নতুন থানা, নাম হতে পারে মোকামতলা

৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি আওয়ামী লীগ নেতা

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’: ইসলামি বক্তা সাইফুল্লাহ

আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

লিবিয়ায় বাংলাদেশি যুবক জিম্মি, বাবার কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

