ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার মধ্য দিয়ে নয়াদিল্লিতে উদযাপিত হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, পারস্পরিক আস্থা ও ঐতিহাসিক বন্ধনের বিষয়গুলো উঠে আসে এ আয়োজনে।
শনিবার (২১ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের সামরিক সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। এ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সামরিক সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস, অবদান ও দিবসটির গুরুত্ব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতায় অগ্রগতি এবং দেশের সশস্ত্র বাহিনীর জাতীয় ও আন্তর্জাতিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তার বক্তব্যে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সততা, সাহস ও কর্তব্যনিষ্ঠার ঐতিহ্য তুলে ধরে তিনি বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা এবং আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন। এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে নেওয়া পদক্ষেপের কথা স্মরণ করেন তিনি।
প্রতিরক্ষা খাতে ভবিষ্যৎ প্রস্তুতির প্রসঙ্গে প্রীতি রহমান বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি প্রযুক্তিগত এবং কৌশলগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীকে প্রস্তুত করার প্রতিশ্রুতি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সশস্ত্র বাহিনীর সহযোগিতা এবং আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার। তার বক্তব্যে দুই দেশের সম্পর্ককে কেবল কূটনৈতিক পরিসরে সীমাবদ্ধ না রেখে জনগণের যোগাযোগ, ঐতিহাসিক অভিজ্ঞতা এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন প্রত্যাশার সঙ্গে যুক্ত করে তুলে ধরা হয়।
প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বলেন, বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর সম্পর্ক দীর্ঘদিনের এবং তা পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন উদ্যোগ আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ জানান তিনি।
বাংলাদেশ ও ভারতকে ইতিহাস, সমাজ ও সংস্কৃতির বন্ধনে যুক্ত স্বাভাবিক অংশীদার হিসেবে উল্লেখ করেন এই ভারতীয় সেনা কর্মকর্তা।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠিকতা শেষ হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

