ঢাকার সাভারে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মো. মাজাহারুল হক বিপ্লব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনার পর পালিয়ে থাকা অবস্থায় শুক্রবার তাকে বগুড়ার সোনাতলা উপজেলা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, সাভার মডেল থানার তেতুলঝোড়া এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামিকে ধরতে র্যাব-৪ ও র্যাব-১২ যৌথভাবে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাদিয়া আক্তার টুম্পার সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে বিপ্লবের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা বিয়ে করেন। বিয়ের পর টুম্পা পরিবারের অজান্তে স্বামীর সঙ্গে ঢাকায় সাভারের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
গত ১৩ মার্চ রাতে বাসার মালিক ঘরের বাইরে তালা ঝুলতে দেখেও ভেতরে লাইট ও ফ্যান চালু থাকতে দেখে সন্দেহ করেন। পরে জানালা দিয়ে তাকিয়ে টুম্পাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি ৯৯৯-এ ফোন দেন। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় টুম্পার ভাই বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিপ্লব জানান, বিয়ের কিছুদিন পর থেকেই তিনি স্ত্রীর ওপর পরকীয়ার সন্দেহ করতেন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন তিনি শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে বাসার দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।


