কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এই ঘটনার পর সীমান্তে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি ও অতিরিক্ত সতর্কতা বিরাজ করছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত অংশ গুলিবিদ্ধ হয়।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফ হঠাৎ গুলিবর্ষণ করলে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবির নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে। ঘটনার পর থেকে ওই সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ হাসান তুহিন জানান, গুলিবিদ্ধ সাজুল হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে, ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এক ভারতীয় নাগরিককে আটক করেছে বলে দাবি করলেও বিজিবির পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তীতে তথ্য জানানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

