সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের জানায়, রোববার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাত আড়াইটার দিকে ডিবির পল্লবী জোনাল টিম অভিযানটি পরিচালনা করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ডিবির একজন পরিদর্শক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, দেবাশীষ ও গুলশান আরা তাঁদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচার চালানো, অর্থ সংগ্রহ এবং সহিংসতায় উসকানি দিতে পারে, এমন ডিজিটাল কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এজাহারে আরও দাবি করা হয়েছে, ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁরা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখতেন। এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
পুলিশের অভিযোগ, ‘কালআজকাল ডটকম’ নামের একটি পেজের মাধ্যমে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কনটেন্ট তৈরির চেষ্টা করা হয়। নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনায় অর্থায়ন এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও কুৎসামূলক প্রচারণা চালানোর অভিযোগও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কাজী গুলশান আরার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ নভেম্বর জাতীয় নির্বাচনের আগে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে সমর্থন ও আনুগত্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নামের একটি কমিটি গঠন এবং ওই সংগঠনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।
সোমবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে তাঁদের হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার অন্য আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা, দেশি-বিদেশি ব্যক্তিদের সংশ্লিষ্টতা যাচাই এবং ডিজিটাল আলামত উদ্ধারের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি তাঁদের পরিচালিত অন্য কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা এবং ঘটনার পেছনের বিষয়গুলো উদ্ঘাটনের কথাও আবেদনে বলা হয়।
আদালতে শুনানির সময় তদন্ত কর্মকর্তা অভিযোগ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে বৈঠকে অংশ নিয়ে তাঁরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন। এ বিষয়ে আরও কিছু উপাদান পাওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মনসুর দেবাশীষের রিমান্ড আবেদন বাতিলের দাবি জানান। তিনি বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হলেও কী কারণে এ অভিযোগ করা হয়েছে, তা রিমান্ড আবেদনে স্পষ্ট করা হয়নি বলে তিনি দাবি করেন।
গুলশান আরার আইনজীবী মোহাম্মদ মশিউর রহমানও রিমান্ডের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, একটি টক শোতে অংশ নেওয়ার কারণে দেশ অস্থিতিশীল করার অভিযোগ আনা হলেও সেখানে তাঁর মক্কেল ঠিক কী বক্তব্য দিয়েছেন, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা রিমান্ড আবেদনে নেই।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি দিয়ে বলেন, আসামিরা সাবেক সরকারের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন বলে অভিযোগ রয়েছে। দেশি-বিদেশি ব্যক্তিদের সঙ্গে তাঁদের যোগাযোগ এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত সাবেক এই দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

