শ্রেণিকক্ষ সংকটে বটগাছের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত ও উপযুক্ত শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বটতলায় শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করতে তিনটি নিয়মকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে অবকাঠামোগত সংকটের কারণে এই কার্যক্রম ব্যাহত হচ্ছে।
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে নিয়মিত ২২৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে এবং ফ্লোর ও দেয়ালে ফাটল ধরেছে। বর্ষাকালে টিনের চাল দিয়ে পানি পড়ে। এছাড়া হোয়াইট বোর্ড ভেঙে গেছে এবং বিদ্যালয়ে কোনো ডিজিটাল ক্লাসের ব্যবস্থাও নেই। শ্রেণিকক্ষের অভাবে প্রায়ই তাদের বটতলায় ক্লাস করতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন মণ্ডল বলেন, 'উপযুক্ত শ্রেণিকক্ষ না থাকায় কয়েকটি ক্লাস বটতলায় বসে করাতে হচ্ছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়ে একটি নতুন চারতলা ভবন নির্মাণ করা জরুরি।' তিনি আরও জানান, নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুস শাকুর বলেন, 'শ্রেণিকক্ষের অভাবে অনেক ক্লাস খোলা আকাশের নিচে বটতলায় করাতে হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় আমাদের কিছু করার নেই।'
সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি লিমন বিশ্বাস ইউনুস বলেন, '১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে প্রায় আড়াইশ শিক্ষার্থী রয়েছে। কিন্তু তাদের পাঠদানের পর্যাপ্ত জায়গা নেই। কিছু মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। অথচ আমাদের বিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী থাকা সত্ত্বেও প্রয়োজনীয় শ্রেণিকক্ষ নেই।' তিনি অবিলম্বে একটি নতুন চারতলা ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, তিনি ইতোমধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

হাজার কোটির প্রকল্প দশ হাজারে বাস্তবায়ন করেছে বিগত সরকার

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রশাসনের ভেতরে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ গড়ায় বাধা দিলে শত্রু হিসেবে গণ্য হবে: এ্যানি

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

