কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহালকে কেন্দ্র করে বিরোধের জেরে নাসিরুল বিশ্বাস (৫০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। হামলার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বালু ব্যবসার সঙ্গেও যুক্ত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বালু বিক্রির উদ্দেশ্যে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গেলে আগে থেকেই ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত নাসিরুল বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে একটি গুলি তার পিঠে লাগে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পায়েও আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, অস্ত্রোপচারের মাধ্যমে নাসিরুল বিশ্বাসের পিঠ থেকে একটি গুলি অপসারণ করা হয়েছে। তার পায়েও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।
বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, নাসিরুল বিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় দলের সঙ্গে সংশ্লিষ্ট বালু ব্যবসার দেখভাল করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, আহতের সঙ্গে থাকা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, হামলায় সাতজন অংশ নেয়। তাদের মধ্যে ছয়জনের মুখ ঢাকা ছিল। একজনের মুখ খোলা থাকলেও তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

