নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়ার মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৮ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে সংঘর্ষের ঘটনাটি ঘটে। গুরুতর আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মারা যান।
নিহত সিয়াম উপজেলার লস্করদী গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই বংশের সদস্য মতিন ও দেলোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে স্থানীয়ভাবে সালিসের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এতে সিয়াম, মতিন, দেলোয়ার ও মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জনা গেছে, বিরোধে জড়িত মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং অপর পক্ষের দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ বলছে, ঘটনাটির মূল কারণ রাজনৈতিক নয়; এটি দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরেই ঘটেছে।
আড়াইহাজার থানার তদন্ত কর্মকর্তা রিপন কুমার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

