কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর, দুই চিকিৎসক আহত

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত স্বজন ও স্থানীয়দের হামলায় দুই চিকিৎসক আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে শিশুটির মৃত্যুর পর বেলা ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই হামলার ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাফি (৩)। সে নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে। আহত চিকিৎসকেরা হলেন, ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায় রাফি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তারা হাসপাতালের ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এতে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া আহত হন। খবর পেয়ে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত শিশুর পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলার কারণে রাফির মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেছেন তারা।
আহত চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, স্বজনদের প্রিয়জন হারানোর বেদনাকে আমরা সহানুভূতির সঙ্গেই দেখি। তবে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত করে। এ অবস্থায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এদিকে ভাঙচুরের ঘটনার পর হাসপাতাল এলাকা পরিদর্শন করেছেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

