মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৫০ ছাড়াল, ৩০ জনই নিষিদ্ধ দলের: পুলিশ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে সৃষ্ট উত্তেজনার ঘটনায় ৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ৩০ জনের বেশি নেতা-কর্মী রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শ্রমিক অসন্তোষের জেরে কয়েক দিন ধরে উত্তপ্ত থাকা মিরপুরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা থাকলেও পুলিশের সতর্ক অবস্থানের কারণে নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। আগের দিনের ত্রিপক্ষীয় বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসায় অধিকাংশ শ্রমিক কাজে ফিরেছেন। তবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে তা মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাইজিং গ্রুপের একটি পোশাক কারখানায় তিন থেকে চার হাজার শ্রমিক কাজে যোগ দেন। তবে সকাল পৌনে ১০টার দিকে তাঁরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় কারখানার সামনের সড়কে শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা দেখা যায়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক জানান, শ্রমিকেরা সকালে কাজে যোগ দিলেও পরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর তাঁরা বাইরে বেরিয়ে আসেন। কিছু শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় কোনো ভাঙচুর বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় সকাল থেকেই মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এসব স্থানে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।
পুলিশের উপস্থিতিতে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে এলাকাগুলোতে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

