মেহেরপুরে তরুণীর কবজি কেটে নিল প্রেমিক, বাঁচাতে গিয়ে বাবা-মা জখম

মেহেরপুর জেলা শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। হামলায় ওই তরুণীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তার বাবা ও মা।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিকস ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম শাওন। তিনি শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন—সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শাওন ওই বাড়িতে প্রবেশ করে স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা ও মা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।
স্থানীয় বাসিন্দারা জানান, শাওন ও স্মৃতি আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ তৈরি হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই সম্পর্কের সূত্র ধরেই এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শাওনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হামলার প্রকৃত কারণ ও পূর্ববিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

পদত্যাগ করলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন

