জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর ভাষণ ও বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ২০ মিনিটের বেশি সময়ের বক্তব্যে প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেননি; তিনি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনা এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন।

উপদেষ্টা জানান, সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শিশু, নারী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকারের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড এবং ভবিষ্যতে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশসহ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে।
জাতিসংঘ সফরের তৃতীয় দিনের কার্যক্রম সম্পর্কে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। পাকিস্তান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ এবং সমতা ও মর্যাদার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে প্রধানমন্ত্রী চারটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। এছাড়া জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা যেমন—আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন এবং পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার মতো উদ্যোগের কথা তুলে ধরেছেন।
স্বাস্থ্য খাতের বিষয়ে উপদেষ্টা জানান, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের বড় পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী কয়েক বছরে এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজার নারী এবং মিডওয়াইফারি সেবায় ২৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরি করা হবে।
এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন মাহদী আমিন। তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহাসচিব। জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন তিনি। জবাবে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের বহুপাক্ষিক কূটনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

