কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ কৃষকদের

কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সূত্রে জানা গেছে, নতুন অনন্তপুর বাজারের সার ডিলার ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’ থেকে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকেই কৃষকরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। কিন্তু সকাল সাড়ে ৯টা পেরিয়ে গেলেও ডিলারের লোকজন না আসায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
কয়েকজন কৃষক অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও তারা সার পাচ্ছেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজনের দেখা না পেয়ে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন। এর আগেও জেলার বিভিন্ন স্থানে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের নয়টি উপজেলায় মোট কৃষক রয়েছেন ৫ লাখ ৮৪ হাজার ৬২০ জন। চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে কুড়িগ্রাম জেলার জন্য মোট ১২ হাজার ৪৮৩ টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই বরাদ্দ রয়েছে ৪ হাজার ৬৪৪ টন ইউরিয়া।
সার ডিলার ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’-এর ব্যবস্থাপক শামসুল আলম জানান, সারের জন্য কৃষকদের প্রচুর চাপ রয়েছে। এ কারণে তারা কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছিলেন। সকাল ১০টার আগেই কৃষকরা তাড়াহুড়া শুরু করেন এবং সড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও পুলিশের সহায়তায় বিতরণ কার্যক্রম শুরু হয়।
উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, হাতিয়া অনন্তপুর বাজারের বিতরণ কেন্দ্রে প্রচুর কৃষকের উপস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছুটা হিমশিম খেতে হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ জানান, সকাল আটটায় সার বিতরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত ভিড় দেখে ডিলারের লোকজন ভয় পেয়ে আড়ালে চলে যান। এতে বিতরণ বিলম্বিত হওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার শেরপুরে ১০ দলের লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

চেলসির নারী দলে গোলকিপার হওয়ার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

