ভাইরাল রিল নিয়ে ট্রলের শিকার: সেই বিউটি হলেন সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

সামাজিক যোগাযোগমাধ্যমে রিল ভিডিও নিয়ে সাইবার বুলিংয়ের শিকার হয়ে দেশজুড়ে আলোচনায় আসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সকল উপজেলা থেকে বাছাইকৃত শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে, যার মধ্যে বিউটি পাল অন্যতম। সিলেট জেলার অন্য শ্রেষ্ঠ শিক্ষকরা হলেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের নাম বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়। তবে, যাচাই-বাছাই শেষে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকদের যে তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে বিউটি রানী পালের নাম ছিল না।
এর আগে গত ২৩ জুলাই বিউটি রানী পাল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘ডিফরেন্ট টাচ’ ব্যান্ডের জনপ্রিয় একটি গানের অংশবিশেষ ব্যবহার করে একটি রিল ভিডিও পোস্ট করেন। পরবর্তীতে একটি ফেসবুক পেজ থেকে সেই ভিডিওতে নেতিবাচক তথ্য যুক্ত করে ছড়িয়ে দেওয়া হলে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল শুরু হয়। এই সাইবার বুলিংয়ের মুখে তিনি ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হন।
এই ঘটনার প্রতিবাদে দেশের শত শত নারী শিক্ষক একই গানের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও যুক্ত করে ফেসবুকে আপলোড করেন। শিক্ষক সমাজের এই অভিনব প্রতিবাদে পরবর্তীতে নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ সংহতি প্রকাশ করেন।
শিক্ষাগত জীবনে বিউটি রানী পাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকেই তিনি এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে আসছেন। এর আগেও তিনি একবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ফেসবুকে আনন্দঘন পরিবেশে পাঠদান, শিক্ষার্থীদের শরীরচর্চা ও নাচের ছন্দে পড়াশোনা শেখানোর শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি দারুণ জনপ্রিয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

হাজার কোটির প্রকল্প দশ হাজারে বাস্তবায়ন করেছে বিগত সরকার

মানহানির মামলায় সাবেক বিচারপতি মানিকসহ তিনজনের জামিন

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

৩১ পদে লোক নেবে টেলিযোগাযোগ অধিদপ্তর: আবেদনের শেষ সুযোগ ১৬ এপ্রিল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

