সুনামগঞ্জে রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন

সুনামগঞ্জের দিরাইয়ে বাউলগানের আসর বন্ধের আবেদন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার পার্শ্ববর্তী জগন্নাথপুরে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের দাবি উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছে কেশবপুর গ্রামের একটি সংগঠন।
গত সোমবার (২৬ অক্টোবর) জমা দেওয়া আবেদনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কেশবপুর বাজারসংলগ্ন কবরস্থান এলাকায় রাধারমণ দত্তকে স্মরণ করে গানবাজনাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনকারীদের দাবি, তাঁদের ভাষায়, ‘অনৈসলামিক’ এসব কার্যক্রমের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। জনস্বার্থ ও কবরস্থানের পবিত্রতা রক্ষার যুক্তি দেখিয়ে তাঁরা আয়োজনগুলো বন্ধের অনুরোধ জানিয়েছেন।
আবেদনে স্থানীয় বাসিন্দা রফিক মিয়া, কাদির মিয়া ও মো. তৈমুর আলীসহ কয়েকজন স্বাক্ষর করেছেন।

জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামেই রয়েছে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থল। ধামাইল গানের প্রবর্তক হিসেবে পরিচিত এই সাধকের রচনা বাংলা লোকসংগীতের ঐতিহ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দীর্ঘদিন ধরে তাঁর স্মৃতিকে কেন্দ্র করে ওই এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবছর আয়োজন করা হয় ‘রাধারমণ উৎসব’।
সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মীরা। উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও সুনামগঞ্জের বাসিন্দা জাহাঙ্গীর আলমের মতে, লোকসংস্কৃতি মানুষের শিকড় ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যই দেশের অন্যতম শক্তি। এ ধরনের নিষেধাজ্ঞা সাংস্কৃতিক চর্চার সুযোগ সীমিত করে দিতে পারে।
জাহাঙ্গীর আলম বলেন, হাসন রাজা, রাধারমণ দত্ত, দুর্বীন শাহ ও শাহ আবদুল করিমের সৃষ্টিকর্ম সুনামগঞ্জের লোকঐতিহ্যকে বিশ্বপরিচিতি দিয়েছে। সেই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা রাধারমণের জন্মভিটায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে প্রতিবন্ধকতা কাম্য নয়। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন আয়োজনের অনুমতি দেওয়ার পাশাপাশি অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এ বিষয়ে জগন্নাথপুরের ইউএনও মো. ইসলাম উদ্দিনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ফোন ধরেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন। তিনি জানান, ইউএনও বর্তমানে সিলেটে রয়েছেন। আবেদনসংক্রান্ত অভিযোগের কথা তিনি শুনেছেন।
মহসীন উদ্দীন বলেন, গত বছর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাধারমণ দত্তকে স্মরণ করে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এবারও বিষয়টি নিয়ে আগামী ১ তারিখে একটি প্রস্তুতিমূলক সভা হওয়ার কথা রয়েছে। সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, গানবাজনা বন্ধের আবেদনের বিষয়ে তিনি অবগত নন। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে এবারও অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জে সাংস্কৃতিক আয়োজন বন্ধের দাবি নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা সামনে এসেছে। গত ২২ অক্টোবর দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে বাউলগানের আসর বন্ধের আবেদন করা হয় পুলিশের কাছে। ‘অশ্লীলতা’র অভিযোগ তুলে ওই আবেদন করা হয়েছিল। শেষ পর্যন্ত আপত্তির মধ্যেও সীমিত পরিসরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলী তাঁর মেয়ের জন্মদিন উপলক্ষে আসরটির আয়োজন করেছিলেন।
হাতিয়া গ্রামের কাছেই তাড়ল ইউনিয়নের উজানধল গ্রাম, যেখানে রয়েছে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়ি।
এর আগে দিরাই উপজেলা সদরের স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচও আয়োজন করা সম্ভব হয়নি। ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র বাধার মুখে গত ৫ অক্টোবর স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি বাতিল করা হয়। ঘটনাটি তখন ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।
রাধারমণ দত্তের সমাধিস্থলে সাংস্কৃতিক আয়োজন নিয়ে নতুন করে তৈরি হওয়া এই পরিস্থিতিতে এখন উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঐতিহ্যবাহী উৎসবটি কীভাবে আয়োজন করা হবে, তা স্পষ্ট হবে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের পর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, পুলিশ সদস্য কারাগারে

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

চুরির অভিযোগে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন, বয়স বাড়িয়ে দেওয়া হয় মামলা

“পয়সা খাইবেন, কাম করবেন না: প্রকৌশলীকে ফোনে সরাসরি ধমক উপদেষ্টার

মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সাবেক সংসদ সদস্য ‘বোমা মানিক’ কারাগারে

