২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

দীর্ঘ অপেক্ষা, প্রশাসনিক জটিলতা আর আইনি প্রক্রিয়ার বাধা পেরিয়ে অবশেষে বাস্তব রূপ পেতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়। ২০০১ সালে আইন পাস হলেও এত দিন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি প্রতিষ্ঠানটির। এবার নতুন আইন ও পরিবর্তিত কাঠামোয় বিশ্ববিদ্যালয়টিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি শুরুর প্রস্তুতি চলছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান। বগুড়ার সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রথম মতবিনিময় সভা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান জানান, ২০০১ সালে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হলেও দীর্ঘদিন প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা যায়নি। ২০২৫ সালের ৪ জুন তিনি উপাচার্যের দায়িত্ব পান। পরে বিশ্ববিদ্যালয়টিকে কেবল বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান না রেখে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে নতুন আইনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে গঠন করা হয় একটি উচ্চপর্যায়ের কমিটি।

তিনি আরও জানান, নতুন আইনের গেজেট গত ১৬ জুলাই অনুমোদিত হয় এবং ১৯ জুলাই তা কার্যকর হয়। তাঁর দাবি, আগের আইনের সঙ্গে বর্তমান আইনের প্রায় ৯৯ শতাংশ পার্থক্য রয়েছে। নতুন আইন কার্যকর না হওয়ায় এত দিন পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আইন বাস্তবায়নের পর গত আড়াই মাসে একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হয়েছে।
প্রাথমিক কার্যক্রম সচল রাখতে চুক্তিভিত্তিকভাবে ১১ জন জনবল নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে চারজন কর্মকর্তা ও সাতজন কর্মচারী রয়েছেন। এদিকে ১৭ সদস্যের সিন্ডিকেটে এখন পর্যন্ত ছয়জন সদস্য মনোনীত হয়েছেন। উপাচার্য জানান, অন্তত নয়জন সদস্য নিয়ে প্রয়োজনীয় ফোরাম গঠিত হলে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্তগুলো কার্যকর করা সম্ভব হবে।
অস্থায়ী ক্যাম্পাসের ভবন নির্বাচনের ক্ষেত্রে শহরের যানজট এড়িয়ে শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। আশপাশের মাঠ, কাঁচাবাজার এবং শিক্ষাসহায়ক পরিবেশের বিষয়ও গুরুত্ব পেয়েছে। ভবনটিতে স্মার্টবোর্ডযুক্ত শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, নিরাপত্তাব্যবস্থা ও নিরাপদ পানির সুবিধা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাচাই করতে সম্প্রতি পরিদর্শনে আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১১ সদস্যের একটি প্রতিনিধিদল। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক মুনিয়ারের নেতৃত্বে দলটি সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি পর্যালোচনা করে।
বর্তমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় রেখে শুরুতেই প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী বিষয় চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, কম্পিউটার সায়েন্স ও ফিন্যান্সিয়াল টেকনোলজি (ফিনটেক)। প্রাথমিক পর্যায়ে মোট নয়টি বিষয়ে পাঠদান চালুর যৌক্তিকতা ইউজিসির কাছে তুলে ধরা হয়েছে।
উপাচার্য বলেন, এসব বিষয়ে ইউজিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে মার্চে নির্ধারিত গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। সে অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন উপাচার্য। তিনি বলেন, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বা সুপারিশের কোনো সুযোগ থাকবে না; যোগ্য প্রার্থীরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাঁর ভাষায়, বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, আর একজন অযোগ্য শিক্ষক দীর্ঘ সময় ধরে একটি প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন।
দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পথে এখন গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত করা। সব প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী শিক্ষাবর্ষেই বগুড়া ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দ্বার খুলতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

