মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর চেষ্টা, পুলিশ কনস্টেবল বরখাস্ত

সিলেটের গোলাপগঞ্জে বিক্রির বিজ্ঞাপন দেওয়া একটি মোটরসাইকেল ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে নিয়ে পালানোর অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় অভিযুক্ত কনস্টেবল মোরসালিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গোলাপগঞ্জ পৌর এলাকার ভইটিকর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মোরসালিন সিলেটের বিয়ানীবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার বাসিন্দা সাইদুর রহমান নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে মোরসালিন ও ওলিউল ইসলাম নামের এক ব্যক্তি সাইদুরের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা হেতিমগঞ্জে গিয়ে মোটরসাইকেলটি দেখেন।

মোটরসাইকেলটি পছন্দ হওয়ার পর মোরসালিন সেটি চালিয়ে দেখার কথা বলেন। এরপর ‘ট্রায়াল’ দেওয়ার অজুহাতে তিনি মোটরসাইকেলটি নিয়ে গোলাপগঞ্জের দিকে চলে যান। বিষয়টি নিয়ে সন্দেহ হলে মোটরসাইকেলের মালিক সাইদুর রহমান তার পিছু নেন।
একপর্যায়ে গোলাপগঞ্জ পৌর এলাকার ভইটিকরে স্থানীয় লোকজনের সহায়তায় মোরসালিনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ওলিউল ইসলাম দাবি করেন, তিনি মোরসালিনকে চেনেন না। পরে স্থানীয় লোকজন মোরসালিনকে গোলাপগঞ্জ মডেল থানায় সোপর্দ করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, মোটরসাইকেল সংক্রান্ত ঘটনার জেরে ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


