ঢাকাসহ আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাঝারি গতির বাতাস হঠাৎ দমকা হাওয়ায় রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।
সোমবার (৩০ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে এই বাতাস সাময়িকভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি । আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রে২৪ দশমিক ৯ ডিগ্রি কর্ড করা হয়েছে।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৫১ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য, যা ট্রেস হিসেবে রেকর্ড করা হয়েছে।
এর আগে রোববার রাতে প্রকাশিত দেশের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত হলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।


