মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী মামলায় আসামি সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় দুই মৃত জনপ্রতিনিধির নাম আসামির তালিকায় এসেছে। তাদের একজন মারা গেছেন দুই বছর আগে। আরেকজনের মৃত্যুও ঘটেছে ২০২৪ সালে। মামলায় মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তাদের পরিবারে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলায় মোট ১১১ জনকে আসামি করা হয়েছে।
এজাহারের ৯১ নম্বর আসামি শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগর। কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা আলী আজগর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান।

এ মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলার অভিযোগ
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ অভিযোগে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
মৃত ইদ্রিস আলীর ভাই, যিনি পেশায় স্কুলশিক্ষক, মামলায় তাঁর ভাইয়ের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁর ভাই ২০২৪ সালেই মারা গেছেন। একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন, সেই প্রশ্ন তোলেন তিনি। ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মামলায় নাম আসায় পরিবার নতুন করে মানসিক কষ্টের মুখে পড়েছে বলেও জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, মামলায় আসামির সংখ্যা অনেক। কীভাবে মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসামির তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে। তদন্তে ভুল প্রমাণিত হলে তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকার প্রধানের প্রস্থান লজ্জাজনক: আবিদুল

‘আপনাদের কখনো ছেড়ে যাবো না’: ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা

